খালেদা জিয়ার গাড়িবহরে হামলা:
শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা’ কাশেম কারাগারে
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৯:৪৯
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিকলীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা’ কাশেমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আসামিপক্ষের আইনজীবী মাসুদ খান তাঁর জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আবুল কাশেম পাটোয়ারী এ ঘটনায় জড়িত নন এবং মামলার এজাহারেও তাঁর নাম নেই। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে তিনি জামিনের আবেদন করেন।
তবে পুলিশের গ্রেপ্তার আবেদনে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাওয়ার সময় কাওরান বাজারের বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস ও কাব্যকস সুপার মার্কেটের সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, ওই সময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে গাড়িবহরে হামলা চালান। এতে খালেদা জিয়ার গাড়িবহরের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় সিএসএফের নিরাপত্তাকর্মীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
পুলিশ জানায়, মামলার তদন্তের একপর্যায়ে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে কাওরান বাজার এলাকা থেকে আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় তাঁর সরাসরি জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের আবেদনে আরও বলা হয়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার, হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং তদন্তের স্বার্থে আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। একই সঙ্গে জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন বলেও আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।
পুলিশের দাবি, আবুল কাশেম পাটোয়ারীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশেরখবর/আরকে

