রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন খিলগাঁওয়ের নাইমুন নাহার মিতু (২০) ও আজিমপুরে নির্মাণশ্রমিক মো. নয়ন মিয়া (২২)।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে পৃথক সময়ে ঘটনা দুটি ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
তাদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।
খিলগাঁওয়ের সিপাহীবাগে দুপুর ২টার দিকে একটি সাত তলা ভবনের ছাদে কাপড় মেলে দিতে গিয়ে নিচে পড়ে যায় মিতু। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় বিকাল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।
তার শ্বশুর আব্দুল জলিল বলেন, এক বছর আগে সম্পর্ক করে ছেলে সাজেদুল ইসলামের সাথে মিতুর বিয়ে হয়। মিতুর শাশুড়ি দুপুরে মিতুকে খাওয়ার জন্য ডাক দিলে মিতু বলছিল, ‘কাপড়গুলো ছাদে দিয়ে আসতেছি।‘ কিছু সময় পর তার নিচে পড়ে যাওয়ার খবর শুনতে পাই।
তার বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। মিতুর বাবার নাম আব্দুল ওয়াদুদ।
অপরদিকে, আজিমপুরে একটি নির্মাণাধীন ২০ তালা ভবনের ১৮ তলা থেকে পড়ে নয়ন মিয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নয়নকে হাসপাতালে নিয়ে সহকর্মী রাহাত জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে কাজ করার সময়ে ১৮ তলা থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। তার বাবার নাম কামাল উদ্দিন।
এআই/ওএফ

