আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, দ্রুত তদন্তের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের
বাসস
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১
ছবি : সংগৃহীত
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ মিশনে কিছুসংখ্যক বিক্ষোভকারীর পরিকল্পিত হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ভারত সরকারকে দ্রুত তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ হয়েছে।
এতে বলা হয়, বিক্ষোভকারীদের পরিকল্পিতভাবে মিশনের প্রধান ফটক ভেঙ্গে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতেই তারা পতাকার খুঁটি ভেঙে ফেলে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং সহকারী হাইকমিশন প্রাঙ্গণ ক্ষতিগ্রস্ত করে। এটি দুঃখজনক, যে মিশন রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না।
আগরতলায় সহকারী হাইকমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলার একটা ধারা তৈরি হয়েছে। এর আগে গত ২৮ নভেম্বরও কলকাতায় একই কায়দায় সহিংস হামলা হয়। আগরতলার এই ঘটনা ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্ক সংশ্লিষ্ট ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে যেকোনো ধরনের হামলা প্রতিরোধ এবং কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।
এমআই

