ভুয়া-গায়েবি মামলা চান না ৯৫ শতাংশ মানুষ
পুলিশ সংস্কার কমিশনের জরিপ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫২
ফাইল ছবি
পুলিশের ভুয়া ও গায়েবি মামলার অবসান চান ৯৫ শতাংশ উত্তরদাতা। 'কেমন পুলিশ চাই’ শীর্ষক জরিপের প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরিপের ফলাফল প্রকাশ করে। পুলিশ সংস্কার কমিশন এই জরিপ চালিয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হাসান বাংলাদেশের খবরকে জানান, জরিপের তথ্য অনুযায়ী ভুয়া ও গায়েবি মামলার অবসান চান দেশের ৯৫ শতাংশ মানুষ। এছাড়াও পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান ৮৯.৫ শতাংশ মানুষ।
জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের মধ্যে সর্বাধিক মতামত এসেছে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চাওয়ার ক্ষেত্রে। এছাড়া দ্বিতীয় অবস্থানে নিরপেক্ষ পুলিশ এবং তৃতীয় অবস্থানে দুর্নীতিমুক্ত পুলিশ চাই- এমন ক্যাটাগরিতেও মতামত এসেছে।
জরিপে আরও উঠে এসেছে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান ৮৯.৫ শতাংশ উত্তরদাতা। ক্ষমতার অপব্যবহার করে পুলিশের দুর্নীতি বন্ধ চান ৭৭.৯ শতাংশ উত্তরদাতা। এছাড়া গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত মানবাধিকারের চরম লঙ্ঘন বিবেচনায় অপরাধী পুলিশকে শাস্তির আওতায় আনার পক্ষে ৭৪.৯ শতাংশ উত্তরদাতা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ জরিপে অংশ নিয়েছেন ২৪ হাজার ৪৪২ জন উত্তরদাতা। এর মধ্যে ১৮ থেকে ৪৪ বছরের ব্যক্তিদের অংশগ্রহণের হার ৮৬.৬ শতাংশ। উত্তরদাতাদের মধ্যে চাকরিজীবী ৩৬.৪ শতাংশ, ছাত্র ২৭.২ শতাংশ ও ব্যবসায়ী ৭.৬ শতাংশ। উত্তরদাতাদের সর্বাধিক ঢাকা জেলার বাসিন্দা, পরবর্তী অবস্থানে রয়েছেন যথাক্রমে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বাসিন্দারা।
ডিআর/ওএফ

