Logo

জাতীয়

ইসি সচিব শফিউল আজিম ওএসডি, নতুন ডিজি হুমায়ুন কবীর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৬

অ
ইসি সচিব শফিউল আজিম ওএসডি, নতুন ডিজি হুমায়ুন কবীর

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সেই সাথে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর। 

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। 

চলতি বছরের ২২ মে বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। ক্ষমতার পটপরিবর্তনে ব্যাপক মাত্রায় রদবদলের মধ্যে ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেন। এসময় সচিব পর্যায়ে রদবদল হলেও ইসি সচিব শফিউল আজিমকেই সামাল দিতে হয় ইসি সচিবালয়। 

এরপর গত ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন কমিশন নিয়োগ দেওয়া হয়। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যে ওএসডি হলেন ইসি সচিব শফিউল আজিম। সাড়ে ছয় মাস ইসি সচিবালয়ে দায়িত্ব পালন করার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হল। 

এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) এ এস এম হুমায়ুন কবীরকে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

ডিআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন