ছবি : সংগৃহীত
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মানসূচক অনুযায়ী আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান ছিল ২৫৯। এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। বায়ুর এ মান নিয়ে বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান শীর্ষে।
ঢাকার এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এ স্থানগুলোর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং ২ (স্কোর ৩২৬), ঢাকার মার্কিন দূতাবাস (স্কোর ২৮৬) ও গুলশান ২–এর রব ভবন।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩৬ শতাংশ বেশি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে গতকাল ঢাকার স্কোর ছিল ১৮৬।
এদিকে আজ বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে মিশরের রাজধানী কায়রো ও ইরাকের বাগদাদ। এই দুই শহরের স্কোর যথাক্রমে ২৪১ ও ১৮৯।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
ডিআর/এসবি

