পুরান ঢাকায় হাত-পা বাঁধা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ঢামেক প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:১৮
রাজধানীর চকবাজারের একটি বাসা থেকে হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নজরুল ইসলাম (৫২) নামে এক ব্যবসায়ীর মরদেহ বলে জানা গেছে।
বুধবার (৪ ডিসেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান। তিনি বলেন, আজ ভোরের দিকে ওই বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা এবং গোপনাঙ্গ কাটা অবস্থায় পরে থাকা মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
নিহত নজরুল ইসলাম নরসিংদীর বেলাবো উপজেলার মৃত শামছুল হকের ছেলে। তার ছোট ভাই তৌহিদুল ইসলাম তাপস বলেন, আমার বড় ভাইয়ের লালবাগের আলীনগরে ‘নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামে দোকান রয়েছে। পোস্তা এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।
তাপস বলেন, গত শুক্রবার (১ ডিসেম্বর) ভাবি সন্তানদের নিয়ে নরসিংদীতে আমাদের বোন ফরিদার বাড়ি বেড়াতে যান। ঢাকার ওই বাসায় ভাই একাই ছিলেন। গত সোমবার রাত থেকে ভাইকে ফোনে পাচ্ছিলেন না কেউ।
তিনি বলেন, সব যায়গায় খোঁজ নিয়ে না পাওয়ায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) কলেজ পড়ুয়া ছেলে সুমিত রাতে ঢাকায় আসে। তাকে নিয়ে লালবাগ ও চকবাজার থানায় জিডি করতে যাই। এর আগে সুমিত বাসায় গিয়ে তালা খুলে এনআইডি কার্ডও নিয়ে আসে। রাতে সে বাসায় চলে যায়। থাকতে যদি ভয় পায়, তাই সাথে তার এক বন্ধুকে নিয়ে যায়। আমি আমার বাসায় চলে যাই।
বাসার যাওয়ার পরপরই ভাতিজা ফোনে জানায় যে, তার বাবার মরদেহ ঘরের ভেতরে রয়েছে। দ্রুত সেখানে গিয়ে দেখতে পাই, ভেতরের রুমে হাত-পা বাঁধা, মুখের ভেতর লুঙ্গি ঢুকানো ও গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে। মাথায়ও আঘাত ছিল। রুম এলোমেলো। পরে আশপাশের ফ্লাটের লোকজনের সহযোগিতায় পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠান।
নিহতের ভাই আরও বলেন, ওই বাসার চাবি দুটি। একটি তার বাবার কাছে ছিল, আরেকটি ছিল তাদের কাছে। কারা বাসায় তাকে হত্যা করল তা তারা জানতে পারিনি।
তাপস বলেন, বাসায় একটি সুটকেসে ভাবীর রাখা ৪০ হাজার টাকা ছিল সেটি নেই। এছাড়াও দুটি মোবাইল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এগুলো নিয়ে গেছে।
তিনি বলেন, বাড়ির দারোয়ানও ঠিকমতো কোনো তথ্য দিতে পারেনি। দারোয়ান জানিয়েছেন, গাজীপুরে তার ব্যবসায়িক মালামাল সন্ত্রাসীরা আটকে রেখেছে। ভাই নাকি সেখানে গিয়েছিলেন।
তাপস বলেন, যদি এমনই হতো তাহলে ভাইয়ের ওয়ার্কশপের ম্যানেজার অবশ্যই জানতেন। ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানিয়েছেন, ভাই সোমবার রাতে ওয়ার্কশপ থেকে বের হয়েছে। তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। কোনটা সঠিক কিছু বুঝতে পারছি না।
দারোয়ানের ভাষ্য মতে, ভাই যদি গাজীপুর গিয়ে থাকে, তাহলে বাসায় তার লাশ কীভাবে এলো? বের হতে তিনি দেখেছেন, কিন্তু ভেতরে ঢুকতে দেখেননি।
ওএফ

