Logo

জাতীয়

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৫

অ
বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে 'আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪' উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সীমান্তে কোনো উত্তেজনা নেই এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ভারতীয় মিডিয়ার বাংলাদেশবিরোধী অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে সত্য খবর প্রচার করে জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে যেভাবে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে, তা নিন্দনীয়। আমাদের সবাইকে একসঙ্গে এর প্রতিবাদ করতে হবে।'

ভারত ইস্যুতে তিনি আশ্বস্ত করে বলেন, 'কোনো উদ্বেগজনক পরিস্থিতি নেই। আমরা সত্য প্রকাশ করব, তখনই তাদের অপপ্রচার ভেঙে যাবে।'

জাতীয় ঐক্যের গুরুত্ব

সকল রাজনৈতিক দল জাতীয় ঐক্যের ডাক দেওয়ার বিষয়টি ইতিবাচক উল্লেখ করে উপদেষ্টা বলেন, 'যখন সবাই একসাথে হবে, তখন ইতিবাচক প্রভাব পড়বে। আমরা একসঙ্গে কাজ করতে পারব এবং প্রতিবাদও শক্তিশালী হবে।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়ে তিনি বলেন, 'উনি হয়তো ভুল করে বাংলাদেশের নাম বলেছেন। বরং উনার দেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন, যেখানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে।'

ফায়ার সার্ভিসে ভলান্টিয়ারদের ভূমিকা

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সারা দেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্যে কাজ করছে বলে জানান উপদেষ্টা। ইতোমধ্যে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি বলেন, 'বন্যা, ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া এ দায়িত্ব পালন সম্ভব নয়।'

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন দুর্যোগে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের অবদানের কথা তুলে ধরা হয়। সাভারের রানা প্লাজা ভবন ধস এবং চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনায় তাদের নিঃস্বার্থ ভূমিকা প্রশংসিত হয়।

এইচকে/এমআই 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন