আমরা একই পরিবারের সদস্য : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০
ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা | ছবি : সংগৃহীত
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও রীতি-নীতি থাকবে, কিন্তু জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে আমরা একই পরিবারের সদস্য।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি।
দ্রুত ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতো বড় দেশে কোনো ঘটনা ঘটতেই পারে, তবে দোষীকে বিচারের আওতায় আনা হবে।
সরকারপ্রধান আরও বলেন, এখনো সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে শুনতে পাচ্ছি। এ থেকে কীভাবে উদ্ধার হওয়া যায়, সেজন্য আলোচনায় বসেছি। প্রচারমাধ্যমে এই ইস্যু নিয়ে নানা তথ্য প্রচার হচ্ছে। একটির সঙ্গে আরেকটির তথ্যের ফারাক রয়েছে। সেখানে সঠিক তথ্য কীভাবে পাব তার ব্যবস্থা করতে হবে। আমরা আসল তথ্য জানতে চাই।
এ সময় প্রকৃত তথ্য এবং সত্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ডিআর/এটিআর

