ছবি : সংগৃহীত
মানবিক শিক্ষা গ্রহণ করে বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে মর্মে আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘বিভেদের দেয়ালগুলোকে সম্প্রীতির বন্ধনে রূপান্তরিত করার মধ্যেই মানবজাতির মুক্তির পথ নিহিত। রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যে যার অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাব এবং আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সুপ্রিম কোর্ট বারকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে দেশবাসীর কাছে তুলে ধরব।’
তিনি বলেন, ‘বৈষম্যহীন সমাজ গঠনের জন্য জুলাই বিপ্লবের শহীদরা জীবন আত্মাহুতি দিয়েছেন। বিগত শতাব্দীর বিভিন্ন সাম্প্রদায়িক সংঘাত আমাদের শিখিয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান জাতীয় অগ্রগতির অন্যতম মূল ভিত্তি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদ্যাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ধর্মীয় আলোচক স্বামী স্থিরাত্মানন্দজী, অ্যাডভোকেট সব্যসাচী মণ্ডল।
এম এ জলিল উজ্জ্বল/এমআই

