শিল্পকলা একাডেমির মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩
ছবি : সংগৃহীত
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানমালার প্রথম দিন (৬ ডিসেম্বর) দেশজুড়ে বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠান।
সাংস্কৃতিক বৈচিত্র্যতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ঐতিহাসিক এবং জাতিগত বৈচিত্র্যময় পরিবেশনার ওপর।
‘জুলাই অভ্যুত্থানের পারফরম্যান্স’ ঢাকায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে আয়োজন করা হয়েছে ‘জুলাই অভ্যুত্থানের পারফরম্যান্স’। “শোন মহাজন আমরা হাজারজন” শিরোনামে দুইদিনব্যাপী (৬-৭ ডিসেম্বর) এই পারফরম্যান্সে ৪১ জন শিল্পী অংশ নিচ্ছেন। ১৯৭১ ও ২০২৪ সালের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিশেষ পরিবেশনা উপস্থাপন করবেন আফসানা শারমিন ঝুম্পা, আবু নাসের রবি, সুমনা আক্তারসহ অন্যান্য শিল্পীরা।
পরিবেশনাটি বিকাল ৩টায় শুরু হবে এবং সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফেসবুক পেজ ও ইউটিউবে।
‘গণঅভ্যুত্থানের গান’ গাজীপুরে
গাজীপুরের রাজবাড়ি মাঠে আয়োজিত হচ্ছে “গণঅভ্যুত্থানের গান”। এতে শ্রমিক সংগীতশিল্পী ও জীন ব্রাদার্সের শিল্পীরা পরিবেশনা করবেন। “মনের গভীরে মন কত অসহায়” শিরোনামের এই আয়োজনের উদ্বোধন করবেন শহীদ জাকির হোসেনের পিতা আব্দুস সামাদ। বিকাল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানও সরাসরি সম্প্রচারিত হবে।
‘ওয়ানগালা উৎসব’ নেত্রকোণায়
নেত্রকোণার বিরিশিরিতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা উৎসব’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে বিভিন্ন গারো সাংস্কৃতিক দল। অনুষ্ঠানটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে পরিচালিত হবে।
আরও আয়োজন
৬ ডিসেম্বরের অনুষ্ঠানগুলো ছাড়াও মাসব্যাপী চলমান এই সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে ৭ ডিসেম্বর সারাদেশে বিভাগীয় পর্যায়ে যন্ত্রসংগীত উৎসব আয়োজন করা হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজন সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী বিষয়গুলোকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে বলে আশা করা হচ্ছে।
এইচকে/এমআই

