Logo

জাতীয়

সতর্কতা জারি

অবৈধ বিদেশিরা বাংলাদেশে থাকতে পারবে না

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৪১

অ
অবৈধ বিদেশিরা বাংলাদেশে থাকতে পারবে না

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। 

রোববার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বিজ্ঞপ্তির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অবৈধ বিদেশিদের বিষয়ে আমরা পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দিয়েছি। কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘কতজন আছে সেই পরিসংখ্যানটা এখন আমাদের কাছে নেই। এটা যদি থাকত তবে আমি বলে দিতাম এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাচ্ছি না। তবে কোনো দেশেরই অবৈধ নাগরিকদের আমরা বাংলাদেশে থাকতে দেব না।’

তিনি আরও বলেন, ‘এটা হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। আইনশৃঙ্খলার সঙ্গে এটা জড়িত নয়। এর কোনো সুনির্দিষ্ট কারণ নেই।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন