‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুদক প্রতিশ্রুতিবদ্ধ’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৮
ছবি : সংগৃহীত
জুলাইয়ের চেতনাকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুদক প্রতিশ্রুতিবদ্ধ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’প্রতিপাদ্যকে সামনে রেখে ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসটি রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায়ে উদযাপন করা হচ্ছে।
সকালে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন দুদক সচিব। এর পরপরই সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুদকের মহাপরিচালক ও পরিচালকসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। পাশাপাশি আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, ‘দেশের উন্নয়নে বড় বাধা দুর্নীতি, যা নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনে (আনকাক) সই করা দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে একযোগে দিবসটি উদযাপিত হচ্ছে।
এবছর প্রথমবারের মতো দুদকের চেয়ারম্যান ও কমিশনার ছাড়া দিবসটি উদযাপিত হচ্ছে। গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেন। মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নতুন কমিশন পুনর্গঠন হয়নি। অর্থাৎ কমিশন ছাড়াই দুদক সচিবের নেতৃত্বে আপাতত দুদক দিবসটি উদযাপন করছে।
দিবসটি ঘিরে যত আয়োজন
সোমবার (৯ ডিসেম্বর) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার বিষয়ক কমিশন প্রধান ড. মো. ইফতেখারুজ্জামান।
উল্লেখ্য, বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে। দুদকের পাশাপাশি টিআইবিও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করছে।
ডিআর/এমআই

