আজ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৪
ছবি : সংগৃহীত
আজ মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১১তম ডি-৮ সম্মেলনে যোগ দিতে বর্তমানে কায়রোতে অবস্থান করছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বলে জানিয়েছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা ১৯ ডিসেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। অধ্যাপক ইউনূস আল-আজহার আল শরিফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।
চলতি বছরের ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।
সফরে প্রধান উপদেষ্টা ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনে যোগ দেবেন, যা ডি-৮ শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলন মিশরের রাজধানীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, ডি-৮ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানসহ সংগঠনের সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ড. ইউনূসের তৃতীয় বিদেশ সফর।
ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। সংস্থাটি বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া এবং নাইজেরিয়ার মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত।
ডিআর/এসবি

