ছবি : প্রতিনিধি
নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। স্থানীয় সময় শুক্রবার (৮ নভেম্বর) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ, চীন ও দক্ষিণ কোরিয়ার তিনজন প্রার্থী, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত দুটি শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বাংলাদেশ ও চীনের প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করেছেন।
নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহিত বলেন, ‘বাংলাদেশের এই জয়, মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ২.০ এর প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, বিশ্বাস এবং জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও অবদানের স্বীকৃতি।’
ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন (আইসিএসসি) হল জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন যা পনেরো (১৫) সদস্যের সমন্বয়ে গঠিত হয়। জাতিসংঘের মানবসম্পদ ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ প্রদান, কর্মীদের প্রাপ্যতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত এবং সুপারিশের কাজ সম্পাদন করে থাকে এই কমিশন।
কেই/এমআই

