Logo

জাতীয়

ড. ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ

Icon

ব্যুরো প্রধান, সিলেট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১৩:০৬

অ
ড. ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার (৮ নভেম্বর) নেদারল্যান্ডের হেগে-তে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ করেন তিনি। 

এ বিষয়ে একটি ভিডিও আনোয়ারুজ্জামান চৌধুরী তার ফেসবুক পেইজে প্রকাশ করেছেন। এতে তিনি বলেন, ‘আমি একজন ভিকটিম। আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি একজন নির্বাচিত মেয়র। কিন্তু আমাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমিসহ আমাদের হাজার হাজার নেতাকর্মীর উপর তারা আক্রমণ করেছে, নির্যাতন করেছে। এ জন্য আমরা আন্তর্জাতিক মামলা করলাম। 

তিনি বলেন, আমার মনে হয় আমিই প্রথম (অভিযোগ) শুরু করলাম। প্রায় ১৫ হাজার ভিক্টিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন।’

জানা গেছে, সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দায়েরকৃত অভিযোগে গত ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত ‘বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে’ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের উপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ সংগঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

ড. ইউনূস ছাড়াও ৬২ অভিযুক্তদের মাঝে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম রয়েছে।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম ও আবু বকর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে প্রায় ৮০০ পৃষ্ঠার নথিপত্র যুক্ত করে দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই সিলেটের বেশিরভাগ আওয়ামী লীগ নেতার সঙ্গে আনোয়ারুজ্জামান লাপাত্তা হয়ে যান। বিভিন্ন সূত্র জানায়, তিনি সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত যান এবং সেখান থেকে যুক্তরাজ্যে চলে যান।

৫ আগস্টের পর সিলেটের আদালত ও বিভিন্ন থানায় পুলিশ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়। এখনও হচ্ছে। এসবের মধ্যে অন্তত ৩০টি মামলায় আনোয়ারুজ্জামানকে অন্যতম আসামি করা হয়েছে। কোনওটাতে প্রধান আসামি তিনি। 

গত বছরের ২১ জুন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পঞ্চম নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান। ওই বছরের ৭ নভেম্বর নগরভবনে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

তবে হাসিনা সরকার পতনের পর গত ১৯ আগস্ট সিলেটসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের নির্দেশ মেয়র আনোয়ারুজ্জামানের বদলে সিলেটের বিভাগীয় কমিশনার সিসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

নব্বইয়ের দশকে লন্ডনে পাড়ি জমিয়ে আনোয়ারুজ্জমান প্রথমে লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কেন্দ্রীয় যুবলীগের সদস্য হিসেবেও মনোনীত হন। যুবলীগের রাজনীতি থেকে তিনি সরাসরি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন এবং বর্তমানে তিনি এ পদেই আছেন। এছাড়া বিভিন্ন সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আরএইচডি/এমএইচএস
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন