ছবি : সংগৃহীত
কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকু যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১১ নভেম্বর) দেশটির উদ্দেশে রওনা হবেন তিনি। জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১১-২২ নভেম্বর পর্যন্ত আজারবাইজানের বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে । এ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ৩দিনের সফরে তিনি ১১-১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জলবায়ুতে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরবে। আবার বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশে যে অগ্রণী ভূমিকা পালন করছে, সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে।
সবশেষ, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে কপ-২৮ সম্মেলন হয়। ২০২২ সালে কপ-২৭ মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত হয়। ওই দুই সম্মেলনে বাংলাদেশের সরকারপ্রধান অংশগ্রহণ করেননি।
উল্লেখ্য, কনফারেন্স অব দ্য পার্টিসের সংক্ষিপ্ত রূপ কপ। এটি বিশ্বে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘের একটি উদ্যোগ। ১৯৯৫ সালে কপের প্রথম সম্মেলন হয়। ১৯৯৯ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে কপের জলবায়ু সম্মেলনে ‘জলবায়ু পরিবর্তন’ ইস্যুটি প্রথমবারের মতো সামনে আসে।
এটিআর

