দেশে পৌঁছেছে প্রবাসীদের ২ লাখ ৯৭ হাজার পোস্টাল ব্যালট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২০
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোট দিতে আগ্রহী প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ আগেই শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীরা পোস্টাল ব্যালট হাতে পেয়ে ভোটদান সম্পন্ন করে বাংলাদেশে ব্যালট পাঠানো শুরু করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছেন ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান।
তিনি জানান, ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন।
সালীম আহমাদ খান জানান, প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ২৩ হাজার ৭১২টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। পৌঁছানো ব্যালটগুলোর মধ্যে ৬ হাজার ৪২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
এসআইবি/এমএইচএস

