Logo

জাতীয়

নির্বাচনে ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৩

নির্বাচনে ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এর মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য নিয়োজিত থাকবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দফতরে আয়োজিত এক পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো সদস্য ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না। যারা লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজ করবে বা দায়িত্ব অবহেলা করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য নির্বাচনের তুলনায় এবার সহিংসতার হার অনেক কম। যে কয়েকটি ঘটনা ঘটেছে তার বেশিরভাগই রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিংয়ের কারণে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

উপদেষ্টা জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের ১০০টি প্লাটুন ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে মোতায়েন করা হয়েছে। বাহিনীর ৩ হাজার ৫৮৫ জন সদস্য সরাসরি নির্বাচনী দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক ২০২৬’ প্রদান করা হয়।

তিনি আরও বলেন, উপকূলীয় নিরাপত্তা ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের ভূমিকা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোও প্রশংসা করেছে। তবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার জন্য তিনি বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর