এনআইডি সংশোধনে টাকা দাবি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০
ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় সেবাগ্রহীতার কাছ থেকে অবৈধ টাকা দাবির ঘটনায় ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে বিভিন্ন সময়ে এনআইডি সেবায় আর্থিক লেনদেনের কারণে ইসি কর্মচারীদের শাস্তি দেওয়া হলেও এটি ইসির উচ্চপদস্থ কোনো কর্মকর্তাকে প্রথমবার শাস্তি দেওয়ার ঘটনা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বরখাস্তের প্রজ্ঞাপনে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকা ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (সাবেক গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা) এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তিতে নির্দেশনা অমান্য করে নিজের এখতিয়ার বহির্ভূতভাবে একজনের জন্ম তারিখ সংশোধনের (১০ বছর কমানোর) জন্য আবেদনকারীকে শুনানিতে ডেকে দুই লাখ টাকা দাবি করেন।
পরে আবেদনকারীর সঙ্গে দর-কষাকষি করে এক লাখ ৭০ হাজার টাকায় তা নির্ধারণ করেন। আবেদনকারী টাকা না দেওয়ায় তিনি আবেদন বাতিল করেন। অভিযোগকারী সংক্ষুব্ধ হয়ে অবৈধ অর্থ দাবির অডিও রেকর্ড সংযুক্ত করে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এএস/

