৪৪তম বিসিএসে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ নিয়োগ আদেশ জারি করা হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এটি প্রকাশ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে জানানো হয়েছে, প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তাদের নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে গণ্য হবে এবং নিয়োগপত্র বাতিল বলে ধরা হবে।
নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ বা ভিন্ন তথ্য পাওয়া গেলে সেই ক্ষেত্রে এ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে রেখেছে, প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে গত বছরের ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি শূন্যপদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে কমিশন।
এমবি

