Logo

জাতীয়

কারাবন্দিদের ৭ শতাংশ ভোট দিচ্ছেন পোস্টাল ব্যালটে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০২

কারাবন্দিদের ৭ শতাংশ ভোট দিচ্ছেন পোস্টাল ব্যালটে

ছবি: সংগৃহীত

দেশের কারাগারগুলোতে থাকা বন্দিদের মধ্যে মাত্র ৭ শতাংশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন। সারাদেশের কারাগারগুলোতে থাকা প্রায় ৮৫ হাজার বন্দির মধ্যে এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৫ হাজার ৯৬০ জন।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের মোট ৭৫টি কারাগারের মধ্যে ৭১টি কারাগারে থাকা বন্দিরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। বাকি কারাগারগুলো নতুন হওয়ায় সেখানে এখনো বন্দি নেই।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার মোট ৬ হাজার ৩১৩ জন বন্দি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করলেও বিভিন্ন জটিলতায় কিছু আবেদন বাতিল হয়। শেষ পর্যন্ত ৫ হাজার ৯৬০ জনের নিবন্ধন অনুমোদন দেওয়া হয়।

জান্নাত উল ফরহাদ জানান, এসব নিবন্ধিত বন্দির মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত ৩ হাজার ৬৪৭ জনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ব্যালট যথারীতি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় পাঠানো হয়েছে। বাকি ভোটগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, পোস্টাল ভোটের নিবন্ধন অনলাইনে করতে হয়। বন্দির নিজ এলাকার প্রার্থীদের তালিকা ওয়েবসাইট থেকে সংগ্রহ করে দিতে হয়, ফলে নিবন্ধন প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে।

কারা অধিদপ্তর জানায়, বর্তমানে বন্দিদের একটি বড় অংশ জুলাই গণঅভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ৪৩ হাজার ধারণক্ষমতার কারাগারগুলোতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বন্দি ছিল প্রায় ৪৮ হাজার। গত ১৭ মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৫ হাজারে।

এক কারা কর্মকর্তা জানান, এসব বন্দির মধ্যে প্রায় ৩০ হাজার সাজাপ্রাপ্ত। তাদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই বা তারা পোস্টাল ভোট দিতে আগ্রহী নন।

জান্নাত উল ফরহাদ আরও বলেন, কোনো বন্দি নিবন্ধনের পর ভোট দেওয়ার আগেই জামিনে মুক্তি পেলে তিনি আর কারাগার থেকে ভোট দিতে পারবেন না। আবার একবার পোস্টাল ভোটে নিবন্ধন হয়ে গেলে বাইরে থেকেও ভোট দেওয়ার সুযোগ থাকে না।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পোস্টাল ভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর