বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা, শীর্ষে কায়রো
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩
ছবি : সংগৃহীত
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে রয়েছে। শীতের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার কারণে বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথম দিকেই স্থান পাচ্ছে রাজধানী ঢাকা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা।
ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ২২৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের। গতকাল শুক্রবার একই সময় ঢাকার স্কোর ছিল ১৯৭। ফলে এক দিনের ব্যবধানে শহরটির বাতাসের মান আরও অবনতি হয়েছে।
এদিন তালিকার শীর্ষে ছিল মিশরের রাজধানী কায়রো, যার একিউআই স্কোর ছিল ৪৮৯। এই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হওয়ায় শহরটির বাসিন্দারা ভয়াবহ দূষণের মুখোমুখি হয়েছেন।
তালিকায় তৃতীয় অবস্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ছিল ২০০। দেশটির আরেকটি শহর কলকাতা ১৭২ স্কোর নিয়ে অষ্টম এবং মুম্বাই ১৬৮ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে। শহর তিনটির বায়ুমানই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের।
এছাড়া পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর (১৮৩) ও করাচি (১৭৯)। চতুর্থ অবস্থানে মঙ্গোলিয়ার উলানবাটর (১৮৪), সপ্তমে নেপালের কাঠমান্ডু (১৭৩) এবং নবমে মিয়ানমারের ইয়াঙ্গুন (১৬৯) স্থান পেয়েছে।
বায়ুমান সূচকের (একিউআই) স্কোর শূন্য থেকে ৫০ ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৫০০ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
এআরএস

