আগামী এক সপ্তাহ ‘খুবই ক্রুশিয়াল’ : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৩
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী এক সপ্তাহকে ‘খুবই ক্রুশিয়াল’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ভোটের প্রস্তুতি পর্ব সন্তোষজনক হলেও নির্বাচন সুষ্ঠু ও নিখুঁত (পারফেক্ট) করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘নেক্সট ওয়ান উইক (আগামী এক সপ্তাহ) খুবই ক্রুশিয়াল। ভোট উৎসবমুখর হবে, নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন। মানুষ পুরো পরিবার নিয়ে একসঙ্গে ভোট উৎসবে যোগ দেবে। আমি আশা করি এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
নির্বাচনী প্রচারণার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ড. ইউনূস বলেন, সারাদেশে উৎসাহ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণা চলছে। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছেন না, যা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তন। প্রস্তুতি পর্বে সরকার সন্তুষ্ট হলেও এখন মূল চ্যালেঞ্জ হলো ভোটগ্রহণ প্রক্রিয়াটিকে ‘পারফেক্ট’ করা।
নির্বাচনের নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। প্রেস সচিব জানান, সারাদেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২৫ হাজার ৭০০ ‘বডি ওর্ন ক্যামেরা’ (Body Worn Camera) সরবরাহ করা হয়েছে। বৈঠক চলাকালীন প্রধান উপদেষ্টা মাঠপর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে সরাসরি কথা বলে এর কার্যকারিতা যাচাই করেন।

এ ছাড়া ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ পুরোপুরি চালু করা হয়েছে। দুর্গাপূজায় সফলভাবে ব্যবহৃত এই অ্যাপটি এবার নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করবেন। কেন্দ্রে কোনো গোলযোগ বা সহিংসতা হলে এই অ্যাপের মাধ্যমে মুহূর্তেই বার্তা চলে যাবে সংশ্লিষ্ট বাহিনী, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে, যা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।
এমএইচএস

