Logo

জাতীয়

নির্বাচনে থাকছেন ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৬

নির্বাচনে থাকছেন ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক থাকছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এখন পর্যন্ত আমাদের হিসাবে মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে এসেছেন বা আসার কথা জানিয়েছেন।’

পর্যবেক্ষক ও সাংবাদিকদের পরিসংখ্যান

  • নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান : বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০ জন।
  • আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা : বিভিন্ন সংস্থা থেকে ৩৩০ জন।
  • আন্তর্জাতিক গণমাধ্যম : ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ জন সাংবাদিক।

ইসি সূত্র জানায়, তুরস্ক, মালয়েশিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন, জর্জিয়া প্রভৃতি দেশ থেকে সাংবাদিকরা এসেছেন। এ ছাড়া পাকিস্তান, আল জাজিরা, জাপান, বিবিসি নিউজ, এপি (অ্যাসোসিয়েটেড প্রেস), রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়াসহ স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের গণমাধ্যম ও সংস্থা প্রতিনিধিরা এ মুহূর্তে দেশে অবস্থান করছেন।

সবচেয়ে বেশি পর্যবেক্ষক এসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে। বর্তমানে এই সংখ্যা ২২৩ জন, যা ২৫০ জন পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া কমনওয়েলথ থেকে ২৫ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL) থেকে ২৮ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) থেকে ১২ জন এবং অন্যান্য সংস্থা থেকে প্রায় ৩০ জন পর্যবেক্ষক এসেছেন।

আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া সেন্টার উদ্বোধন করা হবে। আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) সেখানে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর