Logo

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৩

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের একটি উচ্চপর্যায়ের নির্বাচন পর্যবেক্ষক দল। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত সাত সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টার্কিশ-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজ (Mehmet Akif Yilmaz)।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার সাথে তুরস্কের প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচনী পরিবেশ, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তুরস্কের পক্ষ থেকে পর্যবেক্ষক দল পাঠানোর মাধ্যমে সহযোগিতার এই উদ্যোগকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আন্তর্জাতিক বিভিন্ন দেশ ও সংস্থা থেকে পর্যবেক্ষক দল ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। তুরস্কের এই প্রতিনিধি দলটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর