Logo

জাতীয়

'ভোটের আগেই মোহাম্মদপুরের দুষ্কৃতকারীদের ‘সাইজ’ করা হয়েছে'

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২২

'ভোটের আগেই মোহাম্মদপুরের দুষ্কৃতকারীদের ‘সাইজ’ করা হয়েছে'

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এডিসি জুয়েল রানা

ভোটের আগেই মোহাম্মদপুর এলাকার সব দুষ্কৃতকারীকে ‘সাইজ’ করে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে নির্বাচন উপলক্ষে র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশের যৌথ ফুট পেট্রোল মহড়া শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এডিসি জুয়েল রানা বলেন, নির্বাচন উপলক্ষে মোহাম্মদপুরে র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে, যেখানে দুষ্কৃতকারী কিংবা বিশৃঙ্খলাকারীদের মধ্যে এখন আতঙ্ক কাজ করছে। এর আগে দিনদুপুরে অভিযান পরিচালনা করা হয়েছে এবং ইতোমধ্যে দুষ্কৃতকারীরা এলাকাছাড়া হয়েছে। সাংবাদিকরাও এখন পর্যন্ত কোনো প্রশ্ন তুলতে পারেননি।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের দুষ্কৃতকারীদের সাইজ করে ফেলা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির পক্ষ থেকে আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ঢাকা-১৩ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। সবার সহযোগিতায় এখন পর্যন্ত শতভাগ নিরাপদ পরিবেশ বজায় রয়েছে। প্রচারণা শেষ হওয়ায় এখন পুরো কেন্দ্র ও পুরো আসন নিরাপত্তা বাহিনীর দখলে রয়েছে। একই সঙ্গে সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজের ভোট দিন।

তিনি বলেন, যারা দুষ্কৃতকারী আছে, তাদের মনে ভয় ও আতঙ্ক ঢুকিয়ে দিতে চাই—যেন ভোটের আগেই তারা মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকা ছেড়ে চলে যায়। ১২ ফেব্রুয়ারি হবে শুধু ভোটার ও প্রশাসনের দিন।

ঢাকা-১৩ আসনের ‘ঝুঁকি’ নিয়ে এক প্রশ্নের জবাবে এডিসি জুয়েল রানা বলেন, কোনো ঝুঁকিপূর্ণ আসন নেই। গত ১০–১৫ দিনে এখানে একটি পাতাও পড়তে দেওয়া হয়নি। মারামারি, কাটাকাটি কিংবা ফাটাফাটি অনেক দূরের বিষয়।

মোহাম্মদপুর জোনের এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, সন্তান যেমন তার মায়ের কাছে সবচেয়ে নিরাপদ থাকে, তেমনই ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। বৃদ্ধ থেকে শুরু করে যুবকদের উদ্দেশে তিনি বলেন, ভোটকেন্দ্রে এসে নিজের ভোট প্রয়োগ করুন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর