সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামীকালের ভোটের আগে দেশবাসীকে সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে এবং ভোটারদের আশ্বস্ত করতেই তার এই ভাষণ।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, সিইসির এই ভাষণটি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে এটি একযোগে সম্প্রচার করা হবে।
ইসি কর্মকর্তাদের মতে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে বিস্তারিত জানাবেন। দেশব্যাপী ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনী সামগ্রী বিতরণের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি জনগণকে অবহিত করবেন। বিশেষ করে, ভোটারদের কোনো ধরনের ভয়ভীতি ছাড়া নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য তিনি বিশেষভাবে আহ্বান জানাবেন।
নির্বাচনী পরিবেশে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা এড়াতে ইসির নেওয়া কঠোর পদক্ষেপগুলোর কথা ভাষণে উঠে আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্যের মোতায়েন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা ও ড্রোন নজরদারির মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে কমিশনের দৃঢ় অবস্থানের কথা সিইসি পুনর্ব্যক্ত করবেন।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণের মাধ্যমেই সিইসি এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছিলেন।
এমএইচএস

