ভোট গণনা কক্ষে থাকবে ‘ইমার্জেন্সি এলইডি’ বাল্ব
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৭
ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ছবি : সংগৃহীত
ভোট গণনার কক্ষ যেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে এক মুহূর্তের জন্যও অন্ধকার না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা বিভাগীয় প্রশাসন। এসব কক্ষে এসি-ডিসি বা লোডশেডিংয়ের সময় স্বয়ংক্রিয়ভাবে জ্বলতে সক্ষম ‘ইমার্জেন্সি এলইডি’ বাল্ব লাগানো থাকবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এসব তথ্য জানান।
রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকার ৯৮ শতাংশ ভোটকেন্দ্র ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং চলবে। তিনি আরও বলেন, ‘স্বচ্ছতা নিশ্চিত করতে ভোট গণনার কক্ষগুলোতেও ক্যামেরা বসানো হয়েছে। এক সেকেন্ডের জন্যও যেন অন্ধকার না হয়, সে জন্য প্রশাসন বিশেষভাবে তৎপর রয়েছে।’
ঢাকার নির্বাচনী নিরাপত্তা প্রসঙ্গে শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, ঢাকার ১৩টি সংসদীয় আসনের মোট কেন্দ্রের মধ্যে ১৪শ কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যেকোনো অপ্রীতিকর ঘটনায় তাৎক্ষণিকভাবে ‘রেসপন্স’ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
নির্বাচনী সহিংসতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত সহিংসতা নিয়ে কোনো ধরনের নেতিবাচক গোয়েন্দা তথ্য নেই। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

