শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫১
ছবি : বাংলাদেশের খবর
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শান্তিপূর্ণ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকদের জন্য আয়োজিত ‘জাতীয় নির্বাচন ও গণভোট-সংক্রান্ত’ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘নির্বাচন যত কাছাকাছি আসছে, আমরা নিশ্চিত করছি যে ভোট হবে ভোটারবান্ধব, স্বচ্ছ এবং নিরপেক্ষ। ভোটগ্রহণ ও গণনার সব প্রক্রিয়া পরিপূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে।’
তিনি আরও বলেন, ‘ভোটারদের কেবল বৈধ পরিচয়পত্র দেখানোর পরেই ব্যালট পেপার দেওয়া হবে। ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ গোপন থাকবে এবং ভোটকেন্দ্রে কোনো ধরনের বেআইনি ঘটনা ঘটলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, ‘প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৬০ জনের বেশি বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন। আপনারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’
ভোট গণনা প্রসঙ্গে সিইসি জানান, প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও অন্যান্য ভোটকর্মীরা ভোট গ্রহণ ও গণনা পরিচালনা করবেন। ভোট শেষে ফলাফল প্রথমে কেন্দ্রে ঘোষণা করা হবে এবং পরে রিটার্নিং কর্মকর্তারা তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।
এসআইবি/এমএইচএস

