গ্রাফিক্স : বাংলাদেশের খবর
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগত পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। দ্বিপক্ষীয় দেশসমূহ থেকে এসেছেন ২৪০ জন, যার মধ্যে স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকেরাও রয়েছেন। এ ছাড়া ৫১ জন পর্যবেক্ষক নিজস্ব সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
পর্যবেক্ষক পাঠানো উল্লেখযোগ্য সংস্থাগুলোর মধ্যে রয়েছে
- এএনএফরেল : ২৮ জন
- কমনওয়েলথ সচিবালয় : ২৭ জন
- আইআরআই (যুক্তরাষ্ট্র) : ১৯ জন
- এনডিআই (যুক্তরাষ্ট্র) : ১ জন
- ওআইসি ও আইসিএপিপি : ২ জন করে প্রতিনিধি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। তুলনামূলক চিত্রে দেখা যায়, দশম সংসদ নির্বাচনে মাত্র ৪ জন, একাদশ নির্বাচনে ১৫৮ জন এবং দ্বাদশ নির্বাচনে ১২৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ২১টি দেশ থেকে পর্যবেক্ষকরা বাংলাদেশে এসেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—পাকিস্তান (৮), ভুটান (২), শ্রীলঙ্কা (১১), তুরস্ক (১৩), মালয়েশিয়া (৬), জাপান (৪), চীন (৩), রাশিয়া (২) এবং দক্ষিণ আফ্রিকা (২)। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গবেষণা সংস্থার প্রতিনিধিরা ব্যক্তিগত উদ্যোগে ঢাকা এসেছেন।
এবারের পর্যবেক্ষক দলে রয়েছেন বেশ কয়েকজন বিশ্বখ্যাত ব্যক্তিত্ব। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আদ্দো দানকওয়া আকুফো-আদ্দো, ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের লর্ড রিচার্ড নিউবি এবং ইরানের পার্লামেন্ট সদস্য বেহনাম সাঈদি।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সমন্বয় কার্যক্রমে সহায়তাকারী জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, ‘বিভিন্ন দেশ ও সংস্থার ইতিবাচক সাড়া আমাদের উৎসাহিত করেছে। এটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।’
উল্লেখ্য, আগামীকাল একই দিনে ৫০টির বেশি রাজনৈতিক দলের অংশগ্রহণে সংসদীয় নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

