Logo

জাতীয়

শপথ কবে? কে পড়াবেন?

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৭

শপথ কবে? কে পড়াবেন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী দলটি ১৫০টির বেশি আসনে জয় পেয়েছে। ফলে নতুন সরকার গঠন এখন সময়ের অপেক্ষা। তবে শপথ গ্রহণ ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

সংবিধান অনুযায়ী, নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ থেকে পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নিতে হবে। বেসরকারি ফল ঘোষণার পর তা গেজেটে প্রকাশিত হতে কয়েক দিন সময় লাগতে পারে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না। তার ভাষ্য অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করার চেষ্টা চলছে এবং ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠান হতে পারে।

তবে এবার শপথ কে পড়াবেন— এ প্রশ্নও আলোচনায় এসেছে। পূর্বে জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সদস্যদের শপথ পড়াতেন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সংসদ, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে।

সংবিধানের একই অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি শপথ পাঠ করানোর জন্য কাউকে মনোনীত করতে পারেন। যদি নির্ধারিত ব্যক্তি তিন দিনের মধ্যে শপথ করাতে ব্যর্থ হন, তাহলে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পড়াবেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি— যেমন প্রধান বিচারপতি শপথ পড়াতে পারেন। অন্যথায় প্রধান নির্বাচন কমিশনার এ দায়িত্ব পালন করবেন।

সংসদ সদস্যদের শপথ শেষে রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, যে সংসদ সদস্য সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হবেন, তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই দায়িত্বভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। সংবিধানের বিধান অনুযায়ী, শপথগ্রহণের অব্যবহিত পর থেকেই তারা সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে আগের সরকারের কাছ থেকে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর