Logo

জাতীয়

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ইসি সচিবের দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচনের বিস্তারিত ফলাফল নিচে তুলে ধরা হলো :

  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) : ২০৯টি আসন
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী : ৬৮টি আসন
  • ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) : ৬টি আসন
  • বাংলাদেশ খেলাফত মজলিস : ২টি আসন
  • ইসলামী আন্দোলন : ১টি আসন
  • গণ-অধিকার পরিষদ : ১টি আসন
  • বাংলাদেশ জাতীয় পার্টি : ১টি আসন
  • গণসংহতি আন্দোলন : ১টি আসন
  • খেলাফত মজলিস : ১টি আসন
  • স্বতন্ত্র প্রার্থী : ৭টি আসন

ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসন পেয়ে বড় জয় অর্জন করেছে। ১১ দলীয় জোটের অন্তর্ভুক্ত দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী ৬৮টি, এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন।

তবে আইনি জটিলতার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আপাতত গেজেটভুক্ত করা হচ্ছে না। অর্থ ঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। আসন দুটি হলো চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)। এই দুই আসনে যথাক্রমে বিএনপির সরওয়ার আলমগীর ও আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

একই দিনে গণভোটের ফলাফলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং ‘না’ এর পক্ষে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ভোট দিয়েছেন। চট্টগ্রামের ওই দুটি আসনের গণভোটের হিসাবও এই ফলাফলের সাথে যুক্ত করা হয়েছে বলে কমিশন নিশ্চিত করেছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর