Logo

জাতীয়

জামায়াতের রাজনৈতিক শিষ্টাচারের প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৭

জামায়াতের রাজনৈতিক শিষ্টাচারের প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জামায়াত আমিরের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি দলটির ‘রাজনৈতিক শিষ্টাচার’, সংযম এবং নির্বাচনের ফলাফল শান্তভাবে গ্রহণ করার প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা তার বার্তায় উল্লেখ করেন, নির্বাচনী প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত ডা. শফিকুর রহমানের দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। নির্বাচনে জামায়াত প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং দৃঢ় প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি দলটিকে আন্তরিক ধন্যবাদ জানান।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে জামায়াতে ইসলামী যে গঠনমূলক সমর্থন ও পরামর্শ প্রদান করেছে, তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল— উভয়েরই নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।

প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন যে, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি ‘গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি’ হিসেবে জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে— এমনটাই তার আকাঙ্ক্ষা।

জাতীয় ঐক্য সুসংহত করতে জামায়াত আমিরের অতীতের ভূমিকার কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।

এমএইচএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর