এনসিপির সাফল্যে নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১০
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের দল এনসিপির অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই জয় দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রশংসা করে এসব বলেন।
প্রধান উপদেষ্টা তার বার্তায় উল্লেখ করেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে মাত্র এক বছর আগে জন্ম নেওয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যে সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছে, তা তাৎপর্যপূর্ণ। ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টিতে বিজয় অর্জন এবং বেশ কিছু আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলাকে তিনি ‘অসাধারণ অর্জন’ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, ‘এই সাফল্য কেবল নির্বাচনী পরিসংখ্যান নয়; এটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ।’
চব্বিশের অভ্যুত্থানে নাহিদ ইসলামের অদম্য মনোবল ও সুশৃঙ্খল নেতৃত্বের কথা স্মরণ করে প্রফেসর ইউনূস গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। একইসঙ্গে উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি নাহিদ ইসলামের কর্মদক্ষতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক প্রজ্ঞার প্রশংসা করেন।
গণতন্ত্রের বিকাশে নতুন কণ্ঠস্বরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, এনসিপির এই জয় প্রমাণ করে যে দেশের জনগণ, বিশেষত তরুণ সমাজ নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত।
তিনি প্রত্যাশা করেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি সংসদে তরুণদের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরে একটি গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চা গড়ে তুলবে। তিনি বলেন, সংগ্রামের পথ থেকে রাজনীতির মূলধারায় এই রূপান্তর যেন আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে।
প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
এমএইচএস

