Logo

জাতীয়

বঙ্গভবনে নয়, মঙ্গলবার শপথ সংসদের দক্ষিণ প্লাজায়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯

বঙ্গভবনে নয়, মঙ্গলবার শপথ সংসদের দক্ষিণ প্লাজায়

দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজনৈতিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকালে সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। 

এর আগে একই স্থানে মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর শনিবার থেকেই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও জাতীয় সংসদ সচিবালয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের এবং বিকালে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে দক্ষিণ প্লাজায়।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নতুন সরকারপ্রধান ও মন্ত্রীদের শপথ পাঠ করান, যা এতদিন বঙ্গভবনে অনুষ্ঠিত হয়ে আসছিল। এবার স্থান পরিবর্তনের মাধ্যমে সেই রীতি ভাঙছে।

তবে রাষ্ট্রপতিই শপথ পড়াবেন কি না— এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি সচিব কানিজ মওলা। তিনি বলেন, ‘এ বিষয়ে আমাকে আর জিজ্ঞেস করবেন না।’

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারও বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছিল।

স্থান পরিবর্তনের কারণ নিয়ে সরকার বা বিজয়ী দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, বৃহৎ পরিসরে আয়োজনের সুবিধা ও রাজনৈতিক প্রতীকী গুরুত্ব বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর