বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে মোদির আসার সম্ভাবনা কম
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত থাকার সম্ভাবনা কম বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে আসছেন। ওইদিন মুম্বাইয়ে নরেন্দ্র মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের সূচি রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সফরকালে ম্যাক্রোঁ নয়াদিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সম্মেলনেও অংশ নেবেন। তিনি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করার কথা রয়েছে।
সেক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি অংশ নিতে পারেন। দেশটির ভাইস-প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন।
এমবি

