Logo

জাতীয়

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, ইসিতে চিঠি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৬

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, ইসিতে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইটি আসনে জয়লাভের পর বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘আমরা চিঠি পেয়েছি। তবে এখনও আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়নি। গেজেটের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা বগুড়া-৬ আসনে ১৫০টি কেন্দ্রের সব কটিতে জয় পান তারেক রহমান। এ আসনে তিনি মোট ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

অন্যদিকে ঢাকা-১৭ আসনে তিনি পান ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স ম খালিদুজ্জামান লাভ করেন ৬৮ হাজার ৩০০ ভোট। অর্থাৎ রাজধানীর এ আসনে তার জয় এসেছে পাঁচ হাজারেরও কম ভোটের ব্যবধানে।

সংবিধানের ৭১ অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তি একই সময়ে দুই বা ততোধিক নির্বাচনী এলাকার সংসদ সদস্য থাকতে পারেন না। একাধিক আসনে নির্বাচিত হলে ৩০ দিনের মধ্যে কোন আসনটি প্রতিনিধিত্ব করবেন তা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে সংশ্লিষ্ট আসন শূন্য ঘোষণা করা হয় এবং সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শপথ গ্রহণও করা যায় না।

এসআইবি/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান প্রধানমন্ত্রী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর