নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি পেয়েছেন সিইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৬
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিষয়ে সংসদ সচিবালয় থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে ইসি।
সংবিধান অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা নিশ্চিত করেছেন, আগামীকাল সকাল ১০টা থেকে শপথ কক্ষে শপথ পাঠ অনুষ্ঠিত হবে। এটি কয়েক দফায় হতে পারে। গ্রুপ ধরে আসলে গ্রুপভিত্তিকও হতে পারে।
দেশের ইতিহাসে এই প্রথম কোনো সিইসি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। সকাল থেকে কয়েক দফায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসআইবি/এসএসকে/

