তারেক রহমানের শপথে যোগ দিতে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৮
বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন ড. মোহাম্মদ মুইজ্জু। এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে মালদ্বীপ-এ নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর আমন্ত্রণে মালদ্বীপসহ ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চপর্যায়ের প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্টের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়ের পর নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশি রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন সরকারের প্রতি আস্থার প্রতিফলন।
২০২৩ সালের ১৭ নভেম্বর থেকে মালদ্বীপের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ড. মোহাম্মদ মুইজ্জু। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। সম্প্রতি বাংলাদেশের নির্বাচনে বিজয়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেবেন। পরে বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।
এসএসকে/

