শেখ হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না : মির্জা ফখরুল
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৫
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক ইস্যুর কারণে বাধাগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে তা বড় বাধা হবে না।
ভারতীয় সংবাদমাধ্যম ‘The Hindu’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে বাংলাদেশে হস্তান্তর করা ভারতের উচিত। তবে তিনি স্পষ্ট করেন, তাকে ফেরত না পাঠালেও বাণিজ্য ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না; বরং দুই দেশের মধ্যে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় বিএনপি।
তিনি বলেন, বাংলাদেশের স্বার্থে চলমান প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়া এবং ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব জোরদার করা হবে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে বলেও জানান তিনি।
দুই দেশের সম্পর্কের জটিলতা থাকা সত্ত্বেও সহযোগিতার ক্ষেত্র বন্ধ হওয়া উচিত নয়— এমন মন্তব্য করে ফখরুল বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে জটিল সম্পর্কের মধ্যেও দেশগুলো পারস্পরিক কাজ চালিয়ে যাচ্ছে।
ঐতিহাসিক উদাহরণ টেনে তিনি বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে থাকলেও, তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারত সফর করেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ঢাকা সফর করেন।
ফখরুল আরও বলেন, গঙ্গার পানি বণ্টন, ফারাক্কা ইস্যু ও সীমান্তে হত্যাকাণ্ডের মতো অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ভারতের সঙ্গে সংঘাত নয়, বরং সংলাপই একমাত্র পথ বলে মনে করেন তিনি।
তিনি জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচির মাধ্যমে বাণিজ্য, প্রযুক্তি শিক্ষা, ব্যবসা ও ডিজিটাল অবকাঠামো খাতে ভারতের সঙ্গে সহযোগিতার সুযোগ তৈরি হবে। পাশাপাশি পূর্ববর্তী সরকারের নেওয়া ঋণ ও মেগা প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করে দেশের স্বার্থসংশ্লিষ্ট কার্যকর প্রকল্পগুলো চালু রাখাও নতুন সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
এসএসকে/

