Logo

জাতীয়

শপথ নিতে সংসদ ভবনে আসতে শুরু করেছেন নতুন এমপিরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১

শপথ নিতে সংসদ ভবনে আসতে শুরু করেছেন নতুন এমপিরা

ফরিদপুর-৩ আসনে বিএনপির এমপি নায়াব ইউসুফ শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে এই আনুষ্ঠানিকতা শুরু হবার কথা।

সকাল ৯টার পর থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা একে একে সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন। কিছুক্ষণ আগেই সংসদ ভবনে পৌঁছেছেন নির্বাচনে নিরঙ্কুশ জয়ী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সংসদ ভবনের আশপাশে উৎসুক জনতার ভিড় থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর তৎপর রয়েছে।

প্রচলিত রীতি অনুযায়ী সাধারণত স্পিকার সংসদ সদস্যদের শপথ পড়ান। তবে গণ-অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে সাংবিধানিক বিধান অনুযায়ী এবার নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একই অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ নেওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রচলিত রীতি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ গ্রহণ করবেন। ভেতরে প্রবেশের সময় কড়াকড়িভাবে জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করা হচ্ছে।

এই শপথ অনুষ্ঠানকে ঘিরে দেশি-বিদেশি প্রায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির সমাগম ঘটেছে। পাকিস্তান, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। 

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকায় নিছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সংসদ ভবনের নির্ধারিত গেট দিয়ে শুধুমাত্র কার্ডধারী ও নির্বাচিত সদস্যদের গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আজকের এই শপথ গ্রহণের মাধ্যমেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর