Logo

জাতীয়

শপথ পাঠ করলেন কুমিল্লার ৩ মন্ত্রী

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৪

শপথ পাঠ করলেন কুমিল্লার ৩ মন্ত্রী

কুমিল্লা জেলা থেকে তিনজনের মন্ত্রী হওয়ার খবর পাওয়া গেছে। তারা হচ্ছেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন, জাকারিয়া তাহের সুমন ও শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ওই তিন মন্ত্রীর শপথ পাঠের খবরে জেলা জুড়ে খুশি সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে এ নিয়ে অভিবাদন ও শুভেচ্ছা পোস্ট ছড়িয়ে দিচ্ছেন তারা।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন মনোনয়ন বঞ্চিত হয়ে সংসদ নির্বাচনে পাননি বিএনপির আকাঙ্ক্ষিত প্রতীক ধানের শীষ। পরে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি চেয়ারম্যানের নির্দেশে নিজেকে সরিয়ে নেন নির্বাচন থেকে। হতাশ না হয়ে বরং দলের চেয়ারম্যানের দেওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। দলের কোন্দল নিরসন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণের ৬টি আসনে। 

হাজী আমিন উর রশিদ ইয়াছিন ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। অবশেষে বিএনপি সরকারের কৃষি, মৎস ও প্রাণিজ সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ তিন মন্ত্রনালয়ের মন্ত্রী হলেন। 

এর আগে, হাজী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা-৬ আসনের এমপি নির্বাচিত হলেও এবার তিনি দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন।

কুমিল্লা- ৮ বরুড়া আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাকারিয়া তাহের সুমন এ নিয়ে দুইবার এবং শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ৬ বারের মতো এমপি নির্বাচিত হলেও পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন এবারই প্রথম।

মুঠোফোনে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আল্লাহ হয়তো আমার ভাগ্যে রেখেছে মন্ত্রীত্ব। তাই এমপি না হয়েও মন্ত্রীর শপথ পাঠ করলাম।

অনুভূতি জানার জন্য কুমিল্লা-৮ বরুড়া আসনের নির্বাচিত জাকারিয়া তাহের সুমন ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাদের পাওয়া যায়নি।

এদিকে, কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী পাওয়ায় খুশি সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে এ নিয়ে অভিবাদন ও শুভেচ্ছা পোস্ট ছড়িয়ে দিচ্ছেন তারা।

সোহাইবুল ইসলাম সোহাগ/এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর