প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস, এপিএস ও প্রোটোকল অফিসার নিয়োগ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৫
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস)-১, সহকারী একান্ত সচিব (এপিএস)-১ এবং প্রোটোকল অফিসার-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যতদিন দায়িত্বে থাকবেন অথবা তাঁকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দায়িত্বে থাকা পর্যন্ত অথবা তাঁকে এ পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করলে নিয়োগ কার্যকর থাকবে।
একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করে বিএনপি। ৫০ সদস্যের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
এএস/

