অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন প্রয়োজন নেই, আসিফ মাহমুদ প্রসঙ্গে মির্জা ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৩
মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়নের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিশেষ একটি সময়ে দায়িত্ব গ্রহণ করে তারা সিংহভাগ কাজ সম্পন্ন করেছেন এবং তাদের কৃতিত্ব দেওয়া উচিত।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে এখন মন্তব্য করবেন না। কী হয়েছে আগে দেখে, তারপর কথা বলবেন।
অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন করবেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি প্রয়োজন নেই। কারণ, বিশেষ একটি সময়ে তারা দায়িত্বভার গ্রহণ করেছেন। তারা সিংহভাগ কাজ করতে পেরেছেন। তাদের কৃতিত্ব দিতে হবে। তারা অনেক ভালো কাজ করেছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনশৃঙ্খলা যতটা খারাপ বলা হয়, ততটা খারাপ নয়। আগের চেয়ে উন্নতি হয়েছে। অর্থনীতি অনেক ইতিবাচক। ব্যাংক খাত নিয়ন্ত্রণে এসেছে। বিগত সময়ে এসব খাত ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে একটা বড় ঝড় গেছে। দেশে একটা গণ–অভ্যুত্থান হয়েছে। এক দিনে সব ঠিক হয়ে যাবে না। নির্বাচিত সরকার এসেছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
এইচকে/এএস/

