পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোটাস-বাড চ্যারিটি ফোরাম’।
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোটাস-বাড চ্যারিটি ফোরাম’।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা কঠিন হয়ে পড়েছে। রমজানে ইফতারের আয়োজন অনেক পরিবারের জন্য বাড়তি চাপ সৃষ্টি করে। বিশেষ করে অসহায়, দুস্থ, বয়োবৃদ্ধ ও কর্মহীন সদস্যদের নিয়ে বসবাসরত পরিবারগুলো চরম সংকটে রয়েছে। এমন বাস্তবতায় মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটি এ উদ্যোগ গ্রহণ করে।
এ কর্মসূচির আওতায় কালিকাপুর, দৌলতপুর ও লক্ষীপুর গ্রামের শতাধিক পরিবারের হাতে ইফতার প্যাকেজ তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেজে ছিল ১ কেজি ছোলা, ১ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, আধা কেজি চিড়া, আধা কেজি মুড়ি, আধা কেজি বেসন, আধা কেজি খেজুর, ইসুবগুল ও ট্যাং।
লোটাস-বাড চ্যারিটি ফোরামের সভাপতি রাসেল মাহমুদ বলেন, ‘রমজান সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার মাধ্যমেই অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব। একটি বৈষম্যহীন আদর্শ সমাজ বিনির্মাণে লোটাস-বাড প্রতিশ্রুতিবদ্ধ। সবার সহযোগিতায় পরিবর্তন হবেই ইনশাআল্লাহ।’
সংগঠনের সাধারণ সম্পাদক সজিব আহমেদ জানান, রমজানজুড়ে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এ মানবিক উদ্যোগে অংশগ্রহণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। যোগাযোগ বিকাশ : পার্সোনাল- ০১৩১২১২২১৩৩
এইচকে/এমবি

