Logo

জাতীয়

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করল বাংলাদেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০২

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করল বাংলাদেশ

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্টের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার রওশন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধের জেরে শনিবার সকালে দেশটিতে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে এ হামলা চালানো হয়। 

এছাড়া ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতেও সাইবার হামলা করা হয়েছে। প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো অনুসরণ করতে জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এ মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত করার কাজ করছে। প্রয়োজন দেখা দিলে হুমকি নির্মূল করার কাজও করছে তারা।’

ইতিমধ্যে কিছু গণমাধ্যমে ইসরায়েলে বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ‘বড় ধরনের যুদ্ধাভিযান’ শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ভিডিওতে ট্রাম্প বলেন, ‘আমরা বারবার একটি চুক্তি চেয়েছি। আমরা চেষ্টা করেছি।’ তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। ট্রাম্পের ভাষায়, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস ও ক্ষেপণাস্ত্র কারখানা জ্বালিয়ে দিতে যাচ্ছি। এটা পুরোপুরি ধ্বংস করা হবে।’

তেহরানে ইসরায়েলি হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে ইরান। এরই মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত করেছে ইরানি মিসাইল। এছাড়া বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে যে তারা ইসরায়েলের দিকে প্রথমবারের মতো বৃহৎ আকারে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

বাহরাইন জানিয়েছে, দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

অন্যদিকে কাতারে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে অঞ্চলটির দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মধ্যপ্রাচ্য ইরান-ইসরায়েল যুদ্ধ বিমান বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর