ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি : আজ মিলছে ১৪ মার্চের টিকিট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:২১
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ বুধবার (৪ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৪ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট।
ঈদ উপলক্ষে সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
রাজধানীর রেল ভবনে সম্প্রতি অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় যাত্রীসেবাকে অগ্রাধিকার দিয়ে টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ। ১৫ মার্চের টিকিট বিক্রি হবে ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ।
এ ছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন। সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ডযোগ্য নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঈদ সামনে রেখে টিকিট বিক্রির প্রথম দিন থেকেই অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নির্ধারিত সময় অনুযায়ী লগইন করে ধৈর্য ধরে টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে।
এমএইচএস

