যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনে পৌঁছে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, একটা সুখবর আছে। হাই কমিশনার লন্ডনে এতদিন ‘ডিভাইসিস বিহেভিয়ারে-কনডাক্টে কমিউনিটিকে ডিভাইড’ করে রাখছে। যে আওয়ামীকরণ করছে এই হাই কমিশনকে। আওয়ামীকরণের ধান্ধা নিয়ে চলছে, কমিউনিটির ধান্ধা নাই। বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না— এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও বলেন, হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।
বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশে বাংলাদেশের কোনো মিশন প্রধানের দায়িত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল।
১৫তম ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া ভারতের কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাই কমিশনার (প্রধান মিশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এমবি

