সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে : মির্জা ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২২:২৭
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে।
শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকরি খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না… চাকরি তো অসম্ভব। এ জন্য আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত বিষয়ে।”
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, “যেসব বিষয় দরকার আছে, সেইসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দেই, তাহলে তো মুশকিল হবে।”
নিজের জেলা ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চারলেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এএস/

